গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বাইতুল আমিন চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে বর্তমান সরকারসহ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। কোনো একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এ আন্দোলন হয়নি; বরং ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ও নতুন সাংবিধানিক কাঠামো প্রণয়নের জন্যই এ আন্দোলন সংঘটিত হয়েছে।”
তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিলম্ব হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। সময়মতো এ রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলেও তিনি সতর্ক করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি মো. শাহজাহান মিয়া।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুব আলম, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

নিজস্ব প্রতিবেদক