প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ৭:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন বছরে মাদক ও কিশোর গ্যাংমুক্ত চাঁদপুর গড়তে চাই: এমপি মানিক

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাব-এর উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন বছরে আমরা মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত চাঁদপুর গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” তিনি নতুন সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, “বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় পহেলা বৈশাখ একটি গুরুত্বপূর্ণ দিন। এ আয়োজনের জন্য প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।”

আরও বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেন, “পুরনো দিনের গ্লানি, দুর্নীতি ও চাঁদাবাজি ভুলে নতুনভাবে দেশ গড়ার মানসিকতা তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

বর্ষবরণ অনুষ্ঠানে আগত অতিথিদের পান্তা ভাত, মাছ, ভর্তা, মিষ্টান্নসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রিন্ট করুন