শিশু-কিশোর ও তরুণদের নামাজমুখী এবং ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতে চাঁদপুরে নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। টানা ৬০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সাইকেলসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পূর্ব বাখরপুর বাইতুস সালাত জামে মসজিদ-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়। এটি চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত।
সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার উল্লাহ পাটওয়ারী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুর রহমান, চান্দ্রা বাজার নুরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এ.টি.এম. মোস্তফা হামিদী, গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ পাটওয়ারী, সমাজসেবক মোস্তফা শেখ ও শাহ আলম শেখ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রায় শতাধিক শিশু-কিশোর ও তরুণ এই নামাজভিত্তিক কর্মসূচিতে অংশ নেয়। এর মধ্যে টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়কারী ৫ জনকে সাইকেল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রায় ৩০ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
উপহার পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক