বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) এলাকার কৃতি সন্তান রাশেদা বেগম হীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকরাও ত্যাগী ও অভিজ্ঞ এই নেত্রীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন।
রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৯ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভিপি ও জিএস পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত Oxfam, Save the Children এবং VSO-এ জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।
রাশেদা বেগম হীরা এর আগে অষ্টম ও নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা মহিলা দলের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য তিনি নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও লড়াকু নেত্রী হিসেবে পরিচিত।

নিজস্ব প্রতিবেদক