শাহরাস্তি পৌরসভার প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এক অস্থায়ী কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এ সিদ্ধান্ত দেন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মাইদুল। এছাড়া উপজেলা সদরের সামিয়া টেলিকম-এর স্বত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে অর্থের বিনিময়ে জন্মসনদ ও নাগরিক সনদ সরবরাহ করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে সামিয়া টেলিকমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জালিয়াতির বিষয়টি স্বীকার করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মাইদুলকে সাময়িকভাবে বরখাস্ত এবং আবু সায়েমকে অর্থদণ্ড প্রদান করা হয়।
পৌর প্রশাসক নাজিয়া হোসেন বলেন, “সরকারি নথিপত্রে স্বাক্ষর জালিয়াতি গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামিয়া টেলিকমের দোকান উপজেলা সদর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক