প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ১১:৫৫ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিচর্যা পেলে চাঁদপুরের মেয়েরাও জাতীয় ফুটবলে ভূমিকা রাখবে: মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর-এর মেয়েরা যথাযথ পরিচর্যা পেলে দেশের প্রমীলা ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন পৌর মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর শিশু পরিবার মাঠে পৌর নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “চাঁদপুরের মেয়েরা ফুটবল খেলছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। সঠিক পরিচর্যা ও সুযোগ-সুবিধা পেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা কারণে বিপথগামী হলেও এসব খুদে নারী ফুটবলার খেলাধুলার মাধ্যমে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখছে, যা অত্যন্ত ইতিবাচক। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এর আগে মোশাররফ হোসাইন একাডেমির খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং কোচদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি খেলোয়াড়দের জার্সি, জুতা সরবরাহ, মাঠে গোলপোস্ট নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে একাডেমির কোচ মো. ইউসুফ ও হারুনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন