মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি এতদিন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির কাজও করে আসছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগটি চলতি দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে, যা কোনো পদোন্নতি নয়। পরবর্তীতে নিয়মিত পদোন্নতির মাধ্যমে অন্য কাউকে নিয়োগ দেওয়া হলে তার যোগদানের তারিখ থেকে এ আদেশ বাতিল বলে গণ্য হবে।
জানা যায়, গত প্রায় ছয় মাস ধরে মাউশিতে স্থায়ী মহাপরিচালক না থাকায় প্রশাসনিক অস্থিরতা বিরাজ করছিল। এর আগে গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন ডিজি মুহাম্মদ আজাদ খান-কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এরও আগে ২০২৫ সালে নিয়োগ পাওয়া এহতেসাম উল হক-কে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির দায়িত্ব পালন করেন। তবে গত ৯ এপ্রিল তাকে সরিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়।
এরপর ১৬ এপ্রিল পর্যন্ত ডিজির পদ শূন্য থাকায় খান মইনুদ্দিন সোহেলকে অতিরিক্ত দায়িত্ব ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে চলতি দায়িত্বে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিজস্ব প্রতিবেদক