প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ১:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সরকারি খাল দখল: তদন্ত করে প্রতিবেদন দিতে ওসিকে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠ-এ প্রকাশিত এক সংবাদ আদালতের নজরে আসে। এতে উল্লেখ করা হয়, কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি এলাকায় একটি প্রবাহমান সরকারি খাল দখল করে স্থানীয় বাসিন্দা শহীদ উল্লাহ কোম্পানি পাকা মার্কেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। এতে আশপাশের কয়েক হেক্টর কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

প্রতিবেদনে বর্ণিত বিষয়টি প্রাথমিকভাবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতীয়মান হয়েছে। এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী খাল একটি জলাধার এবং তা ভরাট করা দণ্ডনীয় অপরাধ।

নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন জানান, গত ২৩ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ বিষয়ে আদেশ দেন। আদেশে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং জড়িতদের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহ করে ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন