চাঁদপুর পৌরসভা প্রশাসকের কক্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গণমাধ্যমকর্মী। আহত সাংবাদিক মুসাদ্দেক আল আকিব অভিযোগ করেছেন, বহিরাগতদের দ্বারা তাকে মারধর করা হয়েছে এবং তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে।
জেলা প্রশাসক বরাবর ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১:৩০ থেকে ২টার দিকে তিনি তথ্য অধিকার আইনে আবেদন নিয়ে পৌর প্রশাসক এরশাদ উদ্দিনের কক্ষে প্রবেশ করেন। এ সময় প্রশাসক তাকে বসতে দিয়ে বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানতে চান। তিনি জানান, অফিস অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে কিছু তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক শাওন পাটোয়ারী কক্ষে প্রবেশ করে তাকে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে ১০ থেকে ১২ জন বহিরাগত ব্যক্তি প্রশাসকের কক্ষে ঢুকে পড়ে এবং তাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন।
তাদের মধ্যে কয়েকজন আকিবের ওপর এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মারতে শুরু করে।
একপর্যায়ে হামলাকারীরা তার দুটি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন কেড়ে নিয়ে বাইরে বারান্দায় আছড়ে ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে টেনে-হিঁচড়ে কক্ষের বাইরে বের করে দেওয়া হয়।
আহত সাংবাদিক জানান, ঘটনার পর পুনরায় হামলার আশঙ্কায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি সরকারি হাসপাতালে না গিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি সেদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
তিনি আরও বলেন, হামলাকারীরা তার মোবাইল ফোন নিয়ে যাওয়ায় ঘটনার পরপরই কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
এ বিষয়ে ইতোমধ্যে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসককে লিখিত ভাবে অবহিত করেছেন বলে জানা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিক মহল।

নিজস্ব প্রতিবেদক