প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ১২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়।

মন্ত্রী জানান, দেশে ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং খুব দ্রুত সব কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

পোলিও ভ্যাকসিন সংকট সংক্রান্ত একটি সংবাদকে ভুল উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে কোনো সংকট নেই।

হাম প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছর শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি ছিল। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২০ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যেসব উপজেলায় আগে টিকাদান শুরু হয়েছে, সেখানে ইতোমধ্যে হামের সংক্রমণ শূন্যে নেমে এসেছে বলে দাবি করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনকি প্রয়োজনে অস্থায়ী তাঁবুর ব্যবস্থাও রাখা হচ্ছে। পাশাপাশি মশক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন