প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৪:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

শাহরাস্তি উপজেলা-এ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত দুটি অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং পাঁচটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মীর মাহবুবুর রহমান-এর নির্দেশনায় এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় চক্রের সদস্য মো. ইউসুফ (৪০)-কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজ থেকে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করে এনে বিক্রি করত। এছাড়া যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রির কথাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

শাহরাস্তি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের ধরতে ও আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন