মতলব পৌরসভা-এর ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির প্রধানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র।
তিনি বলেন, মাদক আজ সমাজ, পরিবার ও যুবসমাজের সবচেয়ে বড় হুমকি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও আসক্তদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি বলেন, মাদকাসক্তি একটি মানসিক রোগ—তাই তাদের প্রতি ঘৃণা নয়, বরং ভালোবাসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মোঃ শোয়েব আহমেদ সরকার, জাকির হোসেন মোল্লা, মোঃ জাকির হোসেন প্রধান, মোজাহিদুল ইসলাম কিরণ এবং মিরাজ মাহমুদ জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক