প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক

কচুয়া উপজেলা-র উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে এক রাতে তিনটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

চোরেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সোহেল সরকার (সঞ্জয়) এর বাড়িতে গভীর রাতে টিন কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে ঘরে থাকা দুটি স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

একই রাতে সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী বিজয় সরকারের ঘর থেকেও একটি মোবাইল ফোন চুরি হয়। এছাড়া একই বাড়ির আরেক প্রবাসী রতন সরকারের ঘরে সিঁধ কেটে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

ভুক্তভোগী শিউলি রানী সরকার বলেন, “শেষ রাতে মেয়ের চিৎকারে ঘুম ভাঙে। পরে দেখি ঘরের দরজা খোলা।

আলমারিতে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা নেই।”
তিনি আরও জানান, চোরদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ঘরে পাওয়া গেছে। সেখানে একটি জাতীয় পরিচয়পত্র ছিল বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন