প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ৯:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এক সপ্তাহ পরও বাড়েনি ইলিশের সরবরাহ, দামে হতাশ ক্রেতারা

অনলাইন ডেস্ক

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট-এ গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের ভিড় থাকলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন।

ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে জনপ্রিয় এই মাছ।

মাছঘাটের ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়।

তিনি বলেন, “দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।”

আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান বলেন, নদীতে মাছ কম ধরা পড়ায় ঘাটে সরবরাহ বাড়ছে না। তিনি আশা প্রকাশ করেন, নদীতে ইলিশ ধরা বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও কিছুটা কমে আসবে।

ঢাকা থেকে আসা দর্শনার্থী পারভেজ ও মনির জানান, ছুটির দিনে লঞ্চে করে চাঁদপুরে ঘুরতে এসে মাছঘাট থেকে ইলিশ কিনে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে ঘাটে পর্যাপ্ত ইলিশ না পাওয়া এবং উচ্চমূল্যের কারণে তারা মাছ না কিনেই ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ, বাজারে থাকা বেশির ভাগ ইলিশ পুরনো হলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

প্রিন্ট করুন