প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নদীপথে মানবিকতা: মোহনপুরে প্রসূতি মা ও শিশুকে বাঁচাতে কোস্ট গার্ডের দ্রুত অভিযান

মুহাম্মদ বাদশা ভূঁইয়া

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ভোলা থেকে “এমভি আসা যাওয়া-২” নামের একটি যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এক গর্ভবতী নারী। সকাল ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। পরে লঞ্চেই তিনি একটি সন্তানের জন্ম দেন।

সন্তান জন্মের পর প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন