প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬ । ২:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঋণের কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার রাজমিস্ত্রি

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সদর উপজেলার শর্শদি এলাকায় নির্মাণাধীন ভবনের ভেতর বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় প্রবাসীর স্ত্রী রিনা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ফেনীর পুলিশ সুপার উক্য সিংহ জানান, ঋণের কিস্তির টাকা জোগাড় করতে পরিকল্পিতভাবে রিনা আক্তারকে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করেন অভিযুক্ত সাইফুল।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১২ মে বিকেলে রিনা আক্তার নির্মাণাধীন বাড়িতে পানি দিতে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভবনের ভেতরে বালুর স্তূপের নিচে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সাইফুল।

এ ঘটনায় নিহতের ছেলে মহরম আলী ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তভার পায় পিবিআই। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সাইফুল। তিনি জানান, ঋণের কিস্তি পরিশোধের চাপ থেকে মুক্তি পেতে স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যে রিনা আক্তারকে গলা চেপে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, হত্যার পর নিহতের কানে থাকা স্বর্ণের দুল বিক্রি করে দেন অভিযুক্ত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের দোকান থেকে সেই দুল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পিবিআই।

প্রিন্ট করুন