প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১০:০৯ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভিপি নুরকে নিয়ে ‘অশালীন বক্তব্যের’ অভিযোগ, প্রতিবাদ গণঅধিকার পরিষদের

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখা। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হাসান মিজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা আদর্শগত ভিন্নতা গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। তবে রাজনৈতিক বিরোধের কারণে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি কিংবা শালীনতাবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের আচরণ রাজনৈতিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুস্থ গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।

বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলমের নাম উল্লেখ করে বলা হয়, তিনি যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

এছাড়া দেশের রাজনৈতিক পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও শালীন আচরণ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করি। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানিয়ে কাদা ছোড়াছুড়ির পরিবর্তে যুক্তি, আদর্শ ও নীতির ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করাই হোক সকল রাজনৈতিক দলের অঙ্গীকার।”

প্রিন্ট করুন