প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১২:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাটোর হাসপাতালে শিশুর মায়ের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ পরিচ্ছন্নতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই বছর বয়সী এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গন (২৪)। ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি কান্নাকাটি শুরু করলে নার্স ও কর্মচারীরা তার মাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, তিনি হাসপাতালের ষষ্ঠ তলায় গিয়েছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অমিতের সঙ্গে ষষ্ঠ তলায় যাওয়ার পর অনিল ও প্রাঙ্গনের সহায়তায় অমিত ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় অপর দুই অভিযুক্ত ঘটনার ভিডিও ধারণ করে এবং বিষয়টি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন সকালে শিশুটির বাবা হাসপাতালে এসে স্ত্রী ও সন্তানকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাসপাতালের নার্সদের ব্যবহৃত একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। সেখানে ভুক্তভোগী নারী তার স্বামীর কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন