প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তথ্য যাচাই ছাড়া কিছু শেয়ার না করার আহ্বান চাঁদপুরের জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার: প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহারের ফলে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক হতে হবে।

আহমেদ জিয়াউর রহমান বলেন, একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যেতে পারে, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

প্রিন্ট করুন