প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পৃথক অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হাজীগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে মকিমাবাদ এলাকার একটি বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে মো. রবিউল (৩২)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে ঘটনাস্থল থেকে কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই রাতে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে মকিমাবাদ স্টেশন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহবুব আলম বাবলু (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন