চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ধনাগোদা তালতলী হাই স্কুল অ্যান্ড কলেজ, স্থানীয় বাজার, ফসলি জমি ও বসতবাড়ি।
রোববার (২১ জুন) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় সংলগ্ন মসজিদ ও ঈদগাহের সীমানা দেয়ালে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। নদীর তীব্র স্রোতে তীরের মাটি সরে যাওয়ায় দেয়ালের নিচের অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষায় নদীর পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন বিদ্যালয়ে এসে নদীভাঙনের দৃশ্য দেখে আতঙ্কে থাকতে হচ্ছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠানটিও ঝুঁকির মুখে পড়বে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, মসজিদ ও ঈদগাহ এলাকায় ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। এর ঠিক পরেই বিদ্যালয়ের মূল ভবন। দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ জানান, ভাঙনপ্রবণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলছে।

নিজস্ব প্রতিবেদক