প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১

মুহাম্মদ বাদশা ভূঁইয়া

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন