চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শহরকে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন। কিশোর গ্যাং কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
পুলিশ সুপার জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপন, শহরকে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং থানায় মামলা গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে ডোপ টেস্ট করা হবে। একই সঙ্গে যানজট নিরসনে বিকল্প পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুরের সম্পাদক কে. এম. মাসুদ এবং এনটিভির জেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম।
বক্তারা মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, সামাজিক অবক্ষয় রোধ, যানজট নিরসন এবং জনগণের জন্য আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও আল ইমরান শোভন, যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মিজানুর রহমানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ ও মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক