দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি-র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে এনটিভির ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
‘সময়ের সাথে আগামীর পথে’—এই অঙ্গীকারকে ধারণ করে এনটিভি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে উল্লেখ করে বক্তারা বলেন, দীর্ঘ সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২৪ বছরে পদার্পণ করেছে। আগামীতেও চাঁদপুরের সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের গল্প তুলে ধরে গণমানুষের পাশে থাকবে এনটিভি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
“আমি সব সময় দেখেছি এনটিভি আমাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এনটিভি এভাবেই মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি জেলার মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে আরও তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সময় টিভির সিনিয়র প্রতিবেদক ফারুক আহম্মদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সভাপতি একে আজাদ, ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজ বাবুরহাট শাখার উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, ডেইলি সানের প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মহসিন হোসাইন এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আলামিন হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

নিজস্ব প্রতিবেদক