চাঁদপুর শহরের পুরানবাজার ৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে চাঁদপুর নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে মুনলাইট ক্লাবকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানারআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
পুরানবাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা হারুন হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়ক।
তারা আরও বলেন, তরুণদের ক্রীড়ামুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকবিরোধী ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। চাঁদপুরের প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের আয়োজন নিয়মিত হলে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহম্মেদ থানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিয়াদ ছৈয়াল এবং টুর্নামেন্টের আয়োজক জাহিদ, জাবেদ, সাকিব, রহিম ও স্বাধীনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোবারক, ইমরান, রাহাদ, রায়হান, মুন্না, সিয়াম, সজিব, স্বপন, ফাহিম, ইমন, ছোট সিয়াম, শান্ত, রিয়াদ হোসেন, জোহান, মাহাদী ও ইবু।

নিজস্ব প্রতিবেদক