চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই এত উচ্চমূল্যে ইলিশ বিক্রি হওয়ায় বাজারে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হয়। পরে রাজধানীর ঢাকার ব্যবসায়ী অনিক মাছটি কিনে নেন।
চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের ব্যবসায়ী সম্রাট ব্যাপারী জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম নির্ধারণ করা হয় ৩ লাখ ৫ হাজার টাকা, সে হিসাবে প্রতি কেজির দাম দাঁড়ায় ৭ হাজার ৬২৫ টাকা। বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী ভালো দাম পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। বেশি দামের আশায় সেটি চাঁদপুরের বড়স্টেশন মাছ বাজারে আনা হলে প্রত্যাশিত মূল্যেই বিক্রি হয়।
মাছ ব্যবসায়ীদের ভাষ্য, ইলিশের মূল মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ইতোমধ্যে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। বড় আকারের ইলিশ তুলনামূলক কম পাওয়ায় বাজারে এর দাম বেশি রয়েছে।
সম্রাট ব্যাপারী বলেন, “মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এখন বড় ইলিশ খুব কম আসছে, তাই দামও বেশি।”
ব্যবসায়ীরা আশা করছেন, বর্ষা মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে দাম কিছুটা কমবে। তবে বর্তমানে সীমিত সরবরাহ ও উচ্চ চাহিদার কারণে বড় আকারের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক