প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ১২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ খোরশেদ আলম।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২৬ জুন জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিতে প্রধান শিক্ষক মো. আবুল খায়ের পদাধিকারবলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে জেসমিন আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে নাছির উদ্দিন রুবেল মনোনীত হয়েছেন।

খোরশেদ আলম এর আগেও বিদ্যালয়টির নিয়মিত ও এডহক কমিটিতে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর পুনরায় মনোনয়নের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নতুন গতি আসবে।

দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত খোরশেদ আলম বলেন, “মনোহরপুর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম ভিত্তি। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।”

তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট করুন