প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক শ্রমিক (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) ভোরে, ফজরের নামাজের আগে বা পরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমান্তবর্তী সাদ্দাম ব্রিজের পাশে সড়কের পশ্চিম দিক থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। তার সঙ্গে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন জানান, আগের রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ওই ব্যক্তিকে মুন্সীরহাট বাজারের ব্রিজে বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কিছু বলেননি।

পিবিআই চাঁদপুরের পরিদর্শক তরুণ কান্তি দে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তার দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন