প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ২:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলল, বাড়ি সিলেটে

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ওয়াসির আহমেদ (৩৫)। তার বাড়ি সিলেটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ফজরের নামাজের আগে বা পরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে ডাকঘরের দক্ষিণে ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজ সংলগ্ন সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।

নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। ঘটনাস্থলে তার সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন জানান, আগের রাতে বাজারের বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে ওই যুবককে ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কিছু বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে জানান, নিহতের দুই হাতের আঙুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ওয়াসির আহমেদ এবং বাড়ি সিলেটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ওয়াসির আহমেদ মানসিক সমস্যায় ভুগতেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। পরিবারের কয়েকজন সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা চাঁদপুরে পৌঁছানোর পর মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রিন্ট করুন