চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলোচিত গৃহবধূ রিগান আক্তার মীম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। এ ঘটনায় নিহতের জা কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধ ও প্রতিহিংসার জেরে কাজী সুমাইয়া আক্তার মিনা তার বড় জা রিগান আক্তার মীমকে গলাটিপে হত্যা করেন। পরে ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আসামি কাজী সুমাইয়া আক্তার মিনাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামতের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক