চাঁদপুরের মতলব পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছরে (২০২৬-২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে মতলব পৌরসভায় ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, যা বেঁচে থাকার জন্য অপরিহার্য। গাছপালা মানুষের পরম বন্ধু। পরিবেশ ও আবহাওয়ার ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ১৭ শতাংশ। এর মধ্যেও অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন চলছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। আসুন, সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলব পৌরসভার প্রশাসক কে. এম. ইশমাম।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক