প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৮:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের উন্মাদনার মাঝেও ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি, চাঁদপুরে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর আবহের মধ্যেও ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে র‍্যালিটি বের হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত কিশোর, তরুণ ও প্রবীণ অংশ নেন। তাদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং ফিলিস্তিন ও লেবাননের পতাকা। অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য-এর নেতৃত্বে র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক ও মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, “খেলাধুলা যেমন মানুষকে ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।”

তিনি এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশের জন্য সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রিন্ট করুন