চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর আহত হয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জহির হোসেন জানান, ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতরা হলো—উপজেলার দুর্গাপুর মদিনা বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে জুবায়েদ হোসেন (১১) এবং নারকেলতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪)।
কর্তব্যরত চিকিৎসক জানান, মেহেদী হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জুবায়েদের আঘাত গুরুতর হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়।

নিজস্ব প্রতিবেদক