চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো মিরাজ হোসেনকে স্বাবলম্বী করতে অটোরিকশা উপহার দিয়েছে ইউনিয়ন জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেরুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মিরাজ হোসেনের হাতে অটোরিকশার চাবি তুলে দেন অতিথিরা।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আবু সালেহ মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর মানবিক কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ ওমর ফারুক, শাহ আলম পাটওয়ারী ও ওয়ালিউল্লাহ পাটওয়ারী। এ ছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।
জানা যায়, সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে মিরাজ হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের থাকার জায়গা ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েন। পরিবারের জীবিকা নির্বাহ সহজ করা এবং তাকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামী এ উদ্যোগ নেয়।
অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত মিরাজ হোসেন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উপহার তাঁর পরিবারের আয়-রোজগারের নতুন পথ তৈরি করবে এবং চলমান সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক