প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা চাঁদপুরের ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাত, ডাল ও আলু পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট পরিসরে ভাতের দোকান চালাতেন মিজানুর রহমান। মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, ডাল ও আলু খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়েই তার দোকান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

দোকানটির নাম রাখা হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পায়। দোকানে খাবার পরিবেশন ও খাওয়ার ব্যতিক্রমী পদ্ধতির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়লে মিজানুর রহমানও ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকেই তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এর ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান।

ওসি বলেন, এ সময় মিজান তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন তিনি। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

প্রিন্ট করুন