চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন—ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজনদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। একপর্যায়ে পৃথকভাবে তল্লাশি চালিয়ে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী পুলিশকে জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজার চালান সংগ্রহ করেছিলেন। পরে লঞ্চযোগে এসব মাদক মুন্সিগঞ্জে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
চাঁদপুর নৌ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিস্তার রোধে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের এলাকায় নৌ পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি