প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসচ্ছল শিক্ষার্থীর পাশে শাহরাস্তির ইউএনও

নিজস্ব প্রতিবেদক

অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল শাহরাস্তি উপজেলার এক অসচ্ছল শিক্ষার্থীর। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীকে প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বই প্রদান করা হয়েছে।

জানা যায়, পরিবারের চরম আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনকে জানায় শিক্ষার্থীটি।

শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনে তার পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নেন ইউএনও। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বইয়ের ব্যবস্থা করা হয়।

এ সময় ইউএনও মনিরা খাতুন শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করার জন্য উৎসাহিত করেন। ভবিষ্যতে অর্থের অভাবে পড়াশোনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে উপজেলা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

পাশাপাশি শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবপর সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ইউএনও মনিরা খাতুন।

প্রিন্ট করুন