দীর্ঘদিন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে স্ত্রী রিমি ও দুই ছেলে ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকেই পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, টানা দুই দিন অভিযান চালানোর পর পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণে তিনি সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন।
আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক