চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুই মাদকসেবীকে শনাক্ত করেছে প্রশাসন। পরে তাদের ডেকে এনে দেহ তল্লাশি করলে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকেই চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম সংলগ্ন সিঁড়িতে পোড়া জিনিসপত্র দেখতে পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দুই ব্যক্তিকে সেখানে অবস্থান করতে দেখা গেলে তাদের শনাক্ত করে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে পাঠানো হয়।
পরে পর্যায়ক্রমে তাদের দেহ তল্লাশি করা হলে পকেট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাহিদ ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই ব্যক্তিকে চার মাস করে কারাদণ্ড দেন।
এ সময় চাঁদপুর পুলিশের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক