প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

রোববার বিকেলে প্রসন্নকাপ গ্রামের টাওয়ার মোড় এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী আলম মিয়া অভিযোগ করে বলেন, প্রসন্নকাপ গ্রামের গনি মাস্টার বাড়ির শাহজালাল ও মুসলিমের কাছ থেকে তিনি ১২ শতাংশ জমি ক্রয় করেছেন। এর মধ্যে মুসলিম মিয়া ৬ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিলেও শাহজালাল ৬ শতাংশ জমির টাকা নেওয়ার পরও জমিটি রেজিস্ট্রি করে দেননি বলে দাবি তার।

আলম মিয়ার ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে ওই জমিতে পরিবার নিয়ে ভোগদখলে রয়েছেন। জমিটি রেজিস্ট্রির বিষয়ে কথা বললে উল্টো তার ও পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। তার দাবি, এ ধরনের আটটি মামলার কারণে তিনি ও তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, “মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার এবং আমার ক্রয়কৃত জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায়বিচার চাই।”

এলাকাবাসীর পক্ষে আলী মিয়া, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, আয়েশা বেগম ও রুবেল হোসেন বলেন, শাহজালাল ও মুসলিম দুই ভাইয়ের কাছ থেকে আলম মিয়া ১২ শতাংশ জমি কিনেছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে ভোগদখলে রয়েছেন। তাদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে আলম মিয়ার পরিবারকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বিচার হলেও সালিশকারীদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ ফাতেমা বেগম। তিনি দাবি করেন, তার স্বামীর ৬ শতাংশ জমি আলম মিয়া জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তার স্বামীর জায়গায় থাকা দোকানপাট ভাঙচুর করে নিয়ে যাওয়ার পাশাপাশি বসতবাড়িতে হামলা এবং তার ভাসুরের মেয়ে রাশেদাকে মারধরের অভিযোগও করেন তিনি।

ফাতেমা বেগম বলেন, এসব ঘটনায় তিনি কচুয়া থানায় এজাহার দিয়েছেন। পাশাপাশি তিনিও পাল্টা মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।

জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন উভয় পক্ষ।

প্রিন্ট করুন