প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে পৃথক কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, মজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের পরাজয়ের প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন। এ জন্য জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে পরাজয়ের কারণ অনুসন্ধানের দাবি জানান তিনি।

তিনি বলেন, ধানের শীষের পরাজয়ের জন্য যারা দায়ী, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে বিচার করতে হবে।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফরিদগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

হারুনুর রশিদের অনুসারীদের পৃথক কর্মসূচি

এদিকে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিআরডিবি মাঠে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের অনুসারী বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দীন বাবর। এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রিন্ট করুন