চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
নিহতরা হলেন—কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শৈশব থেকেই একই এলাকায় একসঙ্গে বেড়ে ওঠেন তারা।
জানা যায়, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
একই গ্রামের দুই ঘনিষ্ঠ বন্ধুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু স্বজন ও পরিচিতজনরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তাদের অকাল মৃত্যুতে পুরো সাহারপাড় গ্রামজুড়ে শোকের মাতম চলছে।”
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক