বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “অনেক দিন পর আমরা মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমাদের এলাকার চারপাশের পুকুর ও জলাশয় পরিষ্কার করা হবে। আপনারা সেখানে মাছ চাষ করবেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে। সদর ও হাইমচরে ৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার গাছ রোপণ করা হবে।”
তিনি আরও বলেন, “একটি দল সরকারের নামে অপপ্রচার করে যাচ্ছে। কিছু দলের মানুষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা কথা বলছেন। সকল অপশক্তিকে আমরা একসঙ্গে রুখে দেব। তবে কোনো ব্যক্তি বা নেতাকর্মী আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।”
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। আগে কোনো সরকার এটি করেনি বলেও তিনি দাবি করেন।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “এই চাঁদপুরে মাদক থাকবে না, আমরা তা দেখিয়ে দেব। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনের সহযোগিতা নেবেন। মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি থাকতে পারে না।”
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন।
জনসভায় চাঁদপুর জেলা, সদর ও হাইমচর উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক