প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সেলিম উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলসহ আলোচনা সভায় যোগ দেন সেলিম। অনুষ্ঠান শেষ হওয়ার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান।

মো. সেলিমের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের মধ্যেই তার এমন মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে নেমে আসে শোকের আবহ।

প্রিন্ট করুন