প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৩০) নামে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবুল কালামের কুমিল্লার চান্দিনা বাজারে ফার্নিচারের ব্যবসা ছিল। প্রায় তিন বছর আগে ব্যবসায় লোকসান হওয়ায় তিনি বাড়িতে ফিরে আসেন। পরে চট্টগ্রাম ও নিজ এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি কাজের উদ্দেশ্যে শুক্রবার কুমিল্লায় যান তিনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের কাছে ফোন করে জানানো হয়, আবুল কালাম কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা যোগাযোগ করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আবুল কালামের মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “দুর্ঘটনাটি কুমিল্লায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।”

প্রিন্ট করুন