বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপ করা স্থগিতাদেশ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
এর আগে গত ২১ আগস্ট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিটি বাতিল করে দেয় একটি মার্কিন আদালত। আদালতের আদেশে বলা হয়, ওই নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন। মামলাটি যুক্তরাষ্ট্রে ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত।
চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের আবেদনকারীদের ‘সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে। তারা স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ২৮ আগস্ট তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ক্লিনিক বনাম রুবিও’ মামলায় আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, গ্রিনকার্ড বা ইমিগ্রান্ট ভিসাধারী অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তাদের কারণে যেন আমেরিকান জনগণের ওপর কোনো আর্থিক বোঝা তৈরি না হয়। ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা রাষ্ট্রের ওপর বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতে পররাষ্ট্র দপ্তর তাদের প্রাথমিক যাচাই ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার নীতিমালা পুনর্মূল্যায়ন করছে।
স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর আবেদনকারীরা এ সময়ে অভিবাসী ভিসার আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ সময়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রম চালিয়ে যায়।
স্থগিতাদেশ তুলে নেওয়ার ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকরা এখন প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের অভিবাসী ভিসার প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।
স্থগিতাদেশের আওতায় থাকা ৭৫ দেশ:
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বারবাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

আন্তর্জাতিক ডেস্ক