প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বড়স্টেশন মোলহেডে ক্লিন চাঁদপুর-পরিবেশ আইনবিদ সমিতির বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্লিন চাঁদপুরের আয়োজনে এবং চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, “চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে আজ শহরের বড়স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে। এ কর্মসূচি দর্শনীয় স্থানটির সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছগুলো বড় হলে পর্যটকদের ছায়া ও অক্সিজেন দেওয়ার পাশাপাশি এখানকার সৌন্দর্যও বৃদ্ধি করবে।”

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “আমরা সবাই মিলে এভাবে কাজ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ চাঁদপুর গড়ে তোলা সম্ভব।”

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক মাজহারুল হক মান্না, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন, চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, সহসভাপতি নুরুল হক কমল, যুগ্ম সম্পাদক শিরিন সুলতানা সুপ্তাসহ সংগঠনের সদস্য ও ক্লিন চাঁদপুরের সদস্যরা।

কর্মসূচিতে আয়োজকরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বড়স্টেশন মোলহেডে রোপণ করা গাছগুলো বড় হলে এ এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং দর্শনার্থীদের জন্য একটি মনোরম, ছায়াঘেরা ও সবুজ পরিবেশ তৈরি হবে।

প্রিন্ট করুন