প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোটের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের চাঁদপুর জেলা আহ্বায়ক রঞ্জিত রায় চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের গোপাল জিউ আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া সুসজ্জিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র। শোভাযাত্রায় রথও ছিল। এছাড়া শিশু-কিশোরদের অনেককে শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হতে দেখা যায়, যা র‍্যালিতে বাড়তি আকর্ষণ তৈরি করে।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক রঞ্জিত রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রায় দীপক, যুগ্ম সদস্যসচিব অমল কান্তি ধর, কার্যকরী সদস্য অখিল দেবনাথ ও বীণাপানি দেবনাথ, উপদেষ্টা রতন দাস এবং ছাত্র মহাজোট চাঁদপুর সদর উপজেলার আহ্বায়ক কান্ত দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পাপ মোচন ও অধর্ম দূর করে ধরায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। সমাজে সত্য, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তাঁরা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন