চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাবের দাপ্তরিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মহামায়া পশ্চিম বাজারের আড়ি বাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
সংগঠনের চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী ও জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান, সাবেক সেনা কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রযুক্তিবিদ ড. কামরুল আহসান সোহেল।
উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
জাফরানি স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আমিন সুমনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ থেকে বিভিন্ন ধরনের অন্ধকার দূর করতে জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।
স্থায়ী কার্যালয় ও মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
এর আগে শাহমাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টাহরখিল এলাকায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় এবং টাহরখিল মোহাম্মদীয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
চাঁদপুর বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এসব কাজের শুভ উদ্বোধন করেন মরহুম জাফর উল্লাহ পাটওয়ারীর সহধর্মিণী খন্দকার সেলিনা আক্তার রানী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক ডিডি শাহআলম সুমন সাজু, ডেফোডিল গ্রুপের জীবিকা চাঁদপুর প্রকল্পের ম্যানেজার আসাদুল্লাহ খান গালিব, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মো. তাজুল ইসলাম, জেলা যুবদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন মিজি, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক বাবুল পাটওয়ারী, সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক আফজাল পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে কেক কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অফিস উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক