প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কুবিতে চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান খান, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদি হাসান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান খান বলেন, পড়াশোনার পাশাপাশি আঞ্চলিক সংগঠন ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত হওয়া প্রয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও বিভিন্ন দক্ষতা বিকাশের ওপরও গুরুত্ব দিতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাহাত বলেন, শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই দক্ষতা বৃদ্ধি, যোগাযোগের পরিধি সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মিথিলা রহমান সুখী বলেন, “এই অ্যাসোসিয়েশন আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো। চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে সঙ্গে নিয়ে ভালো কিছু করার চেষ্টা থাকবে।”

সংগঠনের সভাপতি ফেরদাউস হাসান জাফরি বলেন, “আমরা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সেশন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নেটওয়ার্কিং কার্যক্রমসহ বিভিন্ন শিক্ষামূলক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করতে চাই। একই সঙ্গে অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের সেতুবন্ধ গড়ে তোলার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রিন্ট করুন